ছাত্রদলের মিছিলে বাধা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল ও ছাত্রদলের পদবঞ্চিত একাংশ পাল্টা মিছিল করলে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধার মুখে দুই গ্রুপের মিছিল পণ্ড হলে সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে বাংলা স্কুল মোড়ে ছাত্রদলের সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল বিএনপি অফিসের উদ্দেশে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পৃথক একটি খণ্ডমিছিলে কালীনাথ রায় বাজার এলাকায় বাধা দেয় পুলিশ। নেতা-কর্মীরা পরে বিচ্ছিন্নভাবে জেলা বিএনপি অফিস চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন।এ ছাড়া ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের মনির পক্ষ যুবদল অফিস এলাকায় অবস্থান নিয়ে সভা করে। পুলিশের বাধার মুখে তারাও মিছিল বের করতে পারেনি।অন্যদিকে দুপুর থেকেই বিভিন্ন উপজেলা থেকে নয়া কমিটির বিজয় মিছিলে যোগ দিতে শত শত নেতা-কর্মী ভোলায় আসেন।মিজানুর রহমান জানান, আট বছর পর জেলা ছাত্রদলের কমিটি গত সোমবার কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। সহসভাপতি মনির ও যুগ্ম সম্পাদক পলাশ সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাঁরা ওই পদ না পেয়ে নয়া কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন।ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবাশ্বের আলী বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মিছিলে বাধা দেওয়া হয়েছে।