বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের চার কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের পাশে মেসে হামলা চালান তাঁরা।
ছাত্রলীগের দাবি, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ছাত্রদল সমর্থকেরা কক্ষে রড, দেশীয় অস্ত্র জড়ো করেছিলেন। তাই তাঁদের মারধর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা গতকাল আন্দোলনের প্রস্তুতি নেন। এই সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের আল ইমরান ও ফিরোজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের পাশে থাকা একটি মেসে হামলা চালান। তাঁরা চার-পাঁচজন ছাত্রকে মারধর করেন। এঁদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কাইয়ুম হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাইয়ুম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার আদেশের বিরুদ্ধে গতকাল সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দেয়। আমি ছাত্রদলের সমর্থক হওয়ায় ছাত্রলীগের কর্মীরা পুলিশের সহযোগিতায় আমার কক্ষে এসে হামলা চালান। তাঁদের হামলায় আমি ও আমার সহপাঠী সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রউফুল রিশাদ আহত হন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আমাকে সহপাঠীরা হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে নিরাপত্তা না থাকায় বেলা সাড়ে তিনটায় সেখান থেকে চলে আসি।’
হামলায় নেতৃত্ব দেওয়া জহিরুল ইসলাম বলেন, ‘ছয় ছাত্রকে বহিষ্কারের ঘটনা ছাত্রদল ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয় এবং ক্লাস থেকে বের হতে বলে। আমরা তাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে অনুরোধ করি। পরে ছাত্রলীগ জানতে পারে আন্দোলনের জন্য ক্যাম্পাসের পাশে ছাত্রদলের একটি মেসে রড, দা জড়ো করা হয়েছে। ওই সংবাদ পেয়ে কাইয়ুম হোসেনের কক্ষে গিয়ে অনেক রড ও দা পাওয়া গেছে। সেখানে ছাত্রলীগ কর্মীরা তাঁদের মারধর করেছেন। তাতে দুজন আহত হন।’
কক্ষে রড ও দা রাখার বিষয়ে কাইয়ুম বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা রড, দা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে আসেন। মারধরের পর সেগুলো কক্ষে রেখে আমাদের বলে চালানোর চেষ্টা করেন।’
বরিশাল কোেতায়ািল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের সহযোগিতায় হামলার অভিযোগ সম্পূর্ণ অসত্য। ছাত্রদলের কর্মীরা আন্দোলন করতে চায়। আর ছাত্রলীগ আন্দোলন প্রতিহত করার জন্য যায়। এ ঘটনায় ছাত্রদলের একটি মেসে হামলার ঘটনা ঘটেছে। তাতে এক ছাত্র আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ছােত্রর কক্ষ থেকে রড এবং বেশ কয়েকটি কাঠের চেলা উদ্ধার করা হয়েছে।’