জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের এক কর্মী গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আড়াই শ নেতা-কর্মী ক্যাম্পাসে যান। ১১টার দিকে তাঁরা মহড়া দিয়ে বের হওয়ার জন্য প্রধান ফটকের দিকে যেতে থাকেন। পুলিশ তাঁদের পেছনের ফটক দিয়ে বের হতে বলে। এতে সম্মত না হওয়ায় কথা-কাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে মো. সিরাজ, নাসির, মিরাজ, শামীম, মামুন, রাজীবসহ ১১ কর্মী আহত হন। পরে ছাত্রদলকর্মীরা বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে রায়সাহেব বাজার মোড় এলাকা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন।
কোতোয়ালি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ছাত্রদলের বিবদমান দুটি পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।