কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে গতকাল শুক্রবার সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের চার কর্মী গুলিবিদ্ধ হন।প্রত্যক্ষদর্শী, কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে সকাল ১০টার দিকে কলেজ ছাত্রদল কলা ভবনের সামনে থেকে মিছিল শুরু করে। একই সময় ছাত্রলীগও প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করে। মিছিলের একপর্যায়ে কলা ভবন এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কে দিগ্বিদিক ছোটেন। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা গুলি ছুড়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন, এখলাস সরকার, উজ্জ্বল শিকদার ও শাহপরান গুলিবিদ্ধ হন। এর মধ্যে শাহাদাতের কোমরে গুলি লাগে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্য তিনজনের পায়ে ও হাতে গুলি লাগে। তাঁদের কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কাজী নজরুল ইসলাম হলে আশ্রয় নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে তাঁরা কলেজে ঢোকেন। ওই সময় পুলিশ এসে ছাত্রদলের নেতা-কর্মীদের কলেজের উত্তর ফটক দিয়ে বের করে দেয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের সামনের সড়কে মিছিল করেন। ওই সময় ছবি তুলতে গেলে ছাত্রলীগের মিছিল থেকে ফটোসাংবাদিকদের হুমকি দেওয়া হয়।কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ বলেন, ‘ছাত্রদল আগে থেকেই অস্ত্র নিয়ে কলেজে ঢোকে। তাদের গুলিতে ছাত্রলীগের চার কর্মী গুলিবিদ্ধ হয়েছে।’কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে ছাত্রলীগকে ধাওয়া দিই। আমাদের কেউ গুলি ছোড়েনি।’কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া বলেন, ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে দুটি ছাত্রসংগঠনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।