ছাত্রদলের সভাপতি ও এক নেতা গ্রেপ্তার, রিমান্ডে
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের এক বাসা থেকে কাদের ও শরীফকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাঁদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২২ এপ্রিল পল্টন মসজিদের গলিতে গাড়ি ভাঙচুর এবং একই দিন পল্টনের হোটেল মিডওয়ের সামনে ককটেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের আহত করার অভিযোগে পল্টন থানায় একটি মামলা হয়। ওই মামলায় কাদের ও শরীফকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কাদের ভূঁইয়া বাস পোড়ানোর ঘটনায় গত ২৮ নভেম্বর শাহবাগ ও ১ ডিসেম্বর রমনা থানায় করা দুটি মামলাসহ একাধিক মামলার আসামি।
রিকশা-মোটরসাইকেলে আগুন, ককটেল বিস্ফোরণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ছাত্রদলের সভাপতি কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বেলা দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বাংলা একাডেমির সামনে থেকে ঝটিকা মিছিল শুরু হয়ে টিএসসির দিকে এগোয়। ছাত্রদলের কর্মীরা পরমাণু শক্তি কমিশনের সামনে একটি রিকশা ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যান।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেলে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল।