ছাত্রদলের সভাপতির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম এস এম তারেক শামস এ আদেশ দেন।
বেলা ১১টার দিকে আসামিদের আদালতে হাজির করার পর তাঁদের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই আবেদন নামঞ্জুর করেন এবং আগামী ১০ আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম দাবি করেন, ‘এটি একটি মিথ্যা ও সাজানো মামলা। ছাত্রদলের মতো একটি সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে এ মামলা দেওয়া হয়েছে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে রোববার রাত ১১টার দিকে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর গাড়িতে থাকা চার সহযোগী ও গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়। তাঁদের গাড়িতে রাখা লাগেজ তল্লাশি করে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি বোতল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। পুলিশের ধারণা, উদ্ধার করা বোতলের মধ্যে থাকা তরল পদার্থ মদ হতে পারে।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন সালাহউদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়িচালক অসীম হালদার। ছাত্রদলের নেতা রাজিবসহ পাঁচজনের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তাঁরা সবাই ছাত্রদলের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে। গাড়িচালক অসীমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়।
গ্রেপ্তারের পর রোববার রাতেই পটুয়াখালীর দুমকী থানার ওসি আজম খান ফারুকি বাদী হয়ে ওই ছয়জনের বিরুদ্ধে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরের দিন সোমবার বেলা পৌনে তিনটার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।