ছাত্রদলের সভায় সংঘর্ষ, ভাঙচুর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে গতকাল শনিবার রাজশাহী মহানগর ছাত্রদল আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছাত্রদলের ক্ষুব্ধ কর্মীরা রাজশাহী মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে গতকাল শনিবার দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করে ছাত্রদল। মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান এবং দলের কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন। তাঁদের বক্তৃতা শেষ হওয়ার পরপরই রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সাইমুম আক্তার কথা বলতে চাইলে নগরের শাহমখদুম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। নেতা-কর্মীরা হামলা চালিয়ে মহানগর বিএনপির কার্যালয়ের চেয়ার, টেবিল ও জানালার কাচ ভাঙচুর করেন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মইনুল হোসেন শাহ বলেন, কিছু ছাত্রদলের কর্মী ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এ নিয়ে একটু তর্ক-বিতর্ক হলেও শান্তিপূর্ণভাবেই সভা শেষ হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।