ছাত্রদলের সম্মেলন পণ্ড, পরে এক বাড়িতে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনার পর গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সম্মেলন পণ্ড হয়ে গেছে। পরে সন্ধ্যায় জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে একটি বাড়িতে কাউন্সিলরদের ভোট নেওয়া হয়। তবে গতকাল কমিটি ঘোষণা করা হয়নি। ছাত্রদল সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০২ সালের ২৬ অক্টোবর। প্রায় আট বছর পর গতকাল নতুন কমিটি করতে পৌরসভা মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। এতে যোগ দিতে জেলার ২১টি ইউনিটের ১০৫ কাউন্সিলরসহ সহস্রাধিক নেতা-কর্মী মাঠে জড়ো হন। সম্মেলনে প্রাধান্য বিস্তার করতে আগে থেকেই জেলা ছাত্রদলের তিনটি পক্ষ সক্রিয় ছিল। এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন বর্তমান কমিটির সভাপতি মহিবুল ইসলাম শাহীন, অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরিদ এবং তৃতীয় পক্ষের নেতৃত্বে দিচ্ছেন একই কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ।সূত্র জানায়, সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, সহসভাপতি সহিদুল ইসলাম বাবুল ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। দুপুর ১২টার দিকে মুশফিক-সমর্থিত অংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন। এ সময় শাহীন ও ফরিদ পক্ষ অভিযোগ করে, মুশফিকের সমর্থকেরা ফেস্টুন ও ব্যানারে বাঁশের বদলে বল্লম নিয়ে মাঠে ঢোকেন। তারা মুশফিকের বিরুদ্ধে এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করে। এ সময় মুশফিকের পক্ষের সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মঞ্চে ভাঙচুর শুরু করলে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন। পণ্ড হয়ে যায় সম্মেলন। বর্তমান সভাপতি মহিবুল ইসলাম শাহীন বলেন, মুশফিকের সমর্থকেরা লাঠি ও বল্লম নিয়ে সম্মেলনে উপস্থিত হলে সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করেন। মঞ্চ ওঠা নিয়ে এ সংঘাতের সৃষ্টি হয় বলে দাবি করেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরিদ। তবে সৈয়দ মুশফিক আহমেদ বলেন, সম্মেলনের হাওয়া তাঁদের অনুকূলে থাকায় শাহীন ও ফরিদ পক্ষ এক হয়ে গণ্ডগোল বাধিয়েছে। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় নেতারা জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে লস্করপুর গ্রামে একটি বাড়িতে অবস্থান নেন। সেখানে কাউন্সিলরদের গতকাল সন্ধ্যায় উপস্থিত হতে বলা হয়। সেখানে কাউন্সিলররা উপস্থিত হয়ে ভোট দেন। তবে গতকাল রাতে কমিটি ঘোষণা করা হয়নি।