ছাত্রদলের সাত নেত্রী আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিক্ষোভকালে গতকাল সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের সাত নেত্রীকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তাঁদের আটক করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ছাত্রদলের এই সাত নেত্রী হলেন—ছাত্রদলের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিনা সুলতানা ও শওকত আরা উর্মি, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য শাহিনুর নার্গিস, মৌসুমী নাসরিন, ইডেন কলেজ শাখা ছাত্রদলের নেত্রী পপি আক্তার, তাসলিমা সুলতানা ও ফাহিমা আক্তার। রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রলীগ মিছিল করছিল। ছাত্রদলের মেয়েরাও মিছিল নিয়ে সেখানে আসে। ছাত্রদল ও ছাত্রলীগের মিছিলটি মুখোমুখি ছিল। আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশ ক্যাম্পাস থেকে ছাত্রদলের সাত নেত্রীকে আটক করে থানায় আনে। তবে তাঁদের নামে কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করা হয়নি। সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। ক্যাম্পাস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রদলের ২০-২৫ জন মেয়ে মুখে কালো কাপড় বেঁধে ও ব্যানার নিয়ে শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে এলে পুলিশ ঘিরে ফেলে। এ সময় সাতজনকে আটক করা হয়। এর আগে শাহবাগে আমিরুল ইসলামের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের সাত নেত্রীকে আটকের খবর পেয়ে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, শহীদউদ্দিন চৌধুরী, রাশিদা বেগম, নিলুফা চৌধুরীসহ বিএনপির সাতজন সাংসদ শাহবাগ থানায় যান। সন্ধ্যায় পুলিশ আটক সাত নেত্রীকে ছেড়ে দেয়। জয়নাল আবদিন ফারুক প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করা যে কারও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটি করতে দেওয়া হয়নি।