ছাত্রদলের সাবেক নেতা আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে গাড়িতে আগুন ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সাবেক পৌর কমিশনার নুরুল আলম হত্যাসহ ১৭ মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌরসভার ডেভারপাড় এলাকা থেকে আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এদিকে তাঁকে গ্রেপ্তারের পর দলের সমর্থকেরা উপজেলা পরিষদের সামনে থেকে স্বাস্থ্য কমপ্লেক্স গেট পর্যন্ত অন্তত একটি গাড়িতে আগুন ও ছয়টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে খুন, গাড়িতে আগুন, ভাঙচুরসহ ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।