ছাত্রদলের সাবেক নেতাসহ দুজন খুন
যশোরের অভয়নগর উপজেলায় গত সোমবার রাতে ছাত্রদলের সাবেক এক নেতা খুন হয়েছেন। চিংড়িঘের নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আসাদুল্যাহ-আল-গালিব (৬০) নামে একজন খুন হয়েছেন।
গত সোমবার রাতে দুর্বৃত্তরা অভয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ওরফে বিপ্লবকে (৩০) কুপিয়ে হত্যা করেছে। তিনি বুইকরা গ্রামের তোরাব আলীর ছেলে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেকের ভাষ্যমতে, এনামুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অভয়নগর ও নড়াইল সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হাতে তিনি (এনামুল) খুন হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন বর্ণী গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা তাঁকে মুঠোফোনে ডেকে বর্ণী বিলের মধ্যে নিয়ে যায়। এরপর তারা তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
একটি চিংড়িঘের নিয়ে শ্যামনগর উপজেলার গাংড়ামারি গ্রামের গালিবের সঙ্গে একই এলাকার আবদুল মুজিদ ও শফিকুল ইসলামের বিরোধ চলছিল। ৪ নভেম্বর গাংড়ামারি বেড়িবাঁধের ওপর মুজিদ ও শফিকুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন গালিবকে মারধর করে ফেলে রেখে যায়। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ভাগনে এবাদাত হোসেন বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন। শ্যামনগর থানার ওসি সগীর আলী জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।