ছাত্রদলের সেই পাঁচ নেতাকে গ্রেপ্তারের কথা জানাল ডিবি
পুরান ঢাকা থেকে গত শনিবার নিখোঁজ হওয়া পাঁচ ছাত্রদল নেতার খোঁজ মিলেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুরের আনসার ক্যাম্প থেকে তাঁদের নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ওই পাঁচজনকে গতকালই আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই পাঁচজনই পুরান ঢাকায় অবস্থিত কবি নজরুল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা। তাঁরা হলেন কলেজের স্নাতক (বিএ) তৃতীয় বর্ষের ছাত্র জসীম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র সুজন চন্দ্র দাস ও রোমান আহম্মেদ, ইংরেজি (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র কে এম নাজমুল হাসান ওরফে নিহাত ও স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র ইরফান আহম্মেদ ওরফে ফাহিম। এঁদের মধ্যে জসীম উদ্দিন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক ও বাকি চারজন সদস্য।
শনিবার থেকে নিখোঁজ থাকা এই পাঁচজনের স্বজনেরা কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার ও বংশাল থানা এবং মিন্টো রোডে ডিবি কার্যালয় ও র্যাব-১০-এর কার্যালয়ে যোগাযোগ করে তাঁদের কোনো সন্ধান পাননি। এতে স্বজনেরা আশঙ্কা করছিলেন, তাঁরা গুম হয়ে থাকতে পারেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এক নেতার সামনে থেকে শুক্রবার জসীমকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। জসীমের ফোন থেকে কল করে অপর চারজনকে বাহাদুর শাহ পার্কে ডেকে নিয়ে যাওয়া হয়। ডিবির (পশ্চিম) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, মিরপুর থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় ওই পাঁচজনকে গতকাল দুপুরে আনসার ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।