ছাত্রদলের হামলায় তিন শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি তুচ্ছ ঘটনার জের ধরে ছত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও ছাত্রলীগের এক নেতাসহ দুই ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ক্যাম্পাসের পাশের বালুুচর এলাকায় কয়েকটি দোকান ভাঙচুর করেন বলে জানা গেছে।ক্যাম্পাস সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে খেলা দেখা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী লাঞ্ছিত হন। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুনকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বালুচর এলাকায় আটকে রেখে মারধর করেন ছাত্রদলের কর্মীরা। মামুনকে উদ্ধার করতে বালুচর যান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক মোহাম্মদ আলী জিন্নাহ ও একুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক তানভির রহমান। সেখানে ওই তিন শিক্ষকের ওপর চড়াও হন ছাত্রদলের কর্মীসহ এলাকাবাসী। তিন শিক্ষককে রক্ষা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কিশোর রায়ও আহত হন। আহতদের মধ্যে শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন শিক্ষক ও অপর শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে বালুচর এলাকায় গিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মী ও এলাকাবাসী তাঁদের ধাওয়া করেন। ছাত্রলীগের কর্মীরা পিছু হটে ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এলাকাবাসী এবং ছাত্রদলের কর্মীরা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে। এই অবস্থায় পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন।সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজউদ্দিনকে নিয়ে বৈঠক করে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন। তবে বৈঠকে কোনো সমঝোতা হয়নি।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ একটি ঘটনাকে ছাত্রদল বাইরে নিয়ে গেছে। শিক্ষকসহ শিক্ষার্থীদের মারধর করার পর এখন এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’ তবে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। ছাত্রদলের সদস্যসচিব আবদুল্লাহ সাঈদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা যায়নি।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন ক্যাম্পাস থেকে জানান, পুলিশ ক্যাম্পাসের প্রধান ফটকে ও বালুচর এলাকার বাজারে দুটো ভাগে অবস্থান নিয়েছে। কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।