সিলেটে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে প্রকৌশলী-ব্যবসায়ী মেহরান সিদ্দিকী সজীব (২৬) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রদলের ১০ সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানায় মেহরানের বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ছাত্রদল নামধারী মিল্টনকে প্রধান আসামি করে টিটন, একরাম, লিটনসহ ১০ জনের নাম উলেখ করে অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়েছে। থানার ওসি লিয়াকত আলী মামলাটি নথিভুক্ত করার কথা জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এজাহারটি পেয়ে মামলা রেকর্ড করে একজন উপপরিদর্শককে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের দুটো দল মাঠে রয়েছে।’ নগরের শিবগঞ্জ খরাদিপাড়ায় বাসার সামনে আড্ডা দিতে নিষেধ করায় রোববার রাতে ছাত্রদল ক্যাডারদের হামলায় প্রকৌশলী ও তরুণ ব্যবসায়ী মেহরান সিদ্দিকী খুন হন। ঘটনার দুই দিন পরও সজীব হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় নিহতের পরিবারও শঙ্কা প্রকাশ করেছেন। আবদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘আমার ছেলেকে নৃশংসভাবে সন্ত্রাসীরা খুন করল। পত্রপত্রিকায় তাদের নাম-পরিচয় ছাপা হয়েছে। আমরাও পুলিশের কাছে হত্যাকারীদের নাম বলেছি। কিন্তু পুলিশ কোনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।’৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি: মেহরান সিদ্দিকী হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রসমাজ। গতকাল ছাত্রসমাজের সিলেট নগর শাখার আহ্বায়ক হেলাল আহমদ তালুকদার ও সদস্যসচিব মো. জাকির হোসেন ও জেলা শাখার সদস্যসচিব বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।