ছাত্রদলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটি কত দিন স্থায়ী হবে, সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। গতকাল শুক্রবার ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম আলীমকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্যের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ কমিটি গতকাল অনুমোদন করেছেন এবং ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীকে এই কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।’ এর আগে গত ১ জুলাই ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকে নিয়ে ছয় মাসের জন্য একটি আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ শেষে গতকাল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। কমিটিতে ওই পাঁচ নেতার অবস্থান অপরিবর্তিত আছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য তিন নেতা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান।