কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকজনকে আটক করা হয়েছে। এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সংগঠনটি মামলা করেছে।বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা গেছে, ওই সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ নয়জন নেতা-কর্মীকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আবদুল আজিজ নামের আরও একজনকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলামসহ আটক ১০ জনের সবাইকে এরই মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তৌফিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার ছাত্রদলের ৫৭ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও দেড় শ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছেন। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করায় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা করেন। বিশ্ববিদ্যালয় থানার ওসি আতিয়ার রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।