ছাত্রদলের ৫ কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল নিক্ষেপের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রদলের পাঁচ কর্মীকে গত বুধবার মধ্যরাতে বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
ছাত্রদলের আহত পাঁচ কর্মী হলেন পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের শামীম আহমদ, সমাজবিজ্ঞান বিভাগের ওবায়দুল হক, ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুবেল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মামুন। এর মধ্যে মামুন তৃতীয় বর্ষের এবং বাকি সবাই মাস্টার্সের ছাত্র।
হলের শিক্ষার্থীরা জানান, বুধবার রাত ১২টায় এস এম হলের পাশে ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিভিন্ন কক্ষ থেকে ছাত্রদলের কর্মী সন্দেহে ওই পাঁচজনকে আটক করেন তাঁরা।
হল সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নিজামুল হক তাঁদের অনুসারীরা লোহার রড, স্টাম্প দিয়ে আটককৃতদের বেধড়ক পেটান অভিযোগ উঠেছে।
আহত শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত কয়েকটি কক্ষে আটকে রেখে তাঁদের মারধর করা হয়।
মারধর করার কথা স্বীকার করে মেহেদী হাসান বলেন, তাঁর কক্ষের পেছনের জানালার পাশে ককটেল নিক্ষেপ করেছিলেন এঁরা। এ কারণে তাঁদের মারধর করা হয়েছে।