ছাত্রদলের ৬ সাংগঠনিক জেলায় হরতাল
চট্টগ্রামের রাউজানে কর্ণফুলীর তীরে পাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নুরুল আলমকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম অঞ্চলের ছয় সাংগঠনিক জেলায় রোববার আধা বেলা হরতাল ডেকেছে সংগঠনটি।
হরতাল ডাকা জেলাগুলো হলো চট্টগ্রাম মহানগর ও জেলা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীর তীর থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় নুরুল আলমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসা থেকে গত বুধবার রাত ১২টায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে স্বজন ও বিএনপির নেতারা অভিযোগ তুলেছেন।
স্থানীয় রাজনীতিতে নুরুল আলম বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে পরিচিত। তিনি অভিযোগ করেন, রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ জাভেদ চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলমকে তুলে নিয়ে যান। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, নুরুল যদি মামলার আসামি হন, তাহলে তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হলো কেন?
অবশ্য বিএনপির এই নেতার করা অভিযোগ অস্বীকার করে এসআই শেখ জাভেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বুধবার দিবাগত রাত দুইটা পর্যন্ত আমি রাউজানের একটি মাদ্রাসা এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে ছিলাম। নুরুল নামের কাউকে আটক বা শহরের বাসা থেকে তুলে আনার বিষয়টি আমার জানা নেই।’