ছাত্রদলের ৭ সদস্যের কমিটির ৬ জন অছাত্র ও বিবাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আড়াই বছর আগে জেলা ছাত্রদলের সাত সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু যাঁদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে, তাঁদেরই কমিটি পছন্দ হয়নি। সাত সদস্যের কমিটির বর্তমানে ছয়জন বিবাহিত ও অছাত্র। সভাপতিসহ চারজন একপক্ষে এবং সাধারণ সম্পাদকসহ তিনজন অপরপক্ষে অবস্থান করছেন। শুরুতেই একপক্ষ অপরপক্ষকে মাদকসেবী, অছাত্র ও বিবাহিত উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে পাল্টাপাল্টি সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। কিন্তু আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। গত আড়াই বছরে সাত সদস্যের এ খুদে কমিটি একবারের জন্যও বৈঠকে বসতে পারেনি। ফলে জেলা ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে। জানা যায়, ২০০৩ সালের প্রথম দিকে জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়। দুই বছরের জন্য গঠিত কমিটি আট বছর বহাল থাকে। ওই সময় কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অনেকের ছাত্রত্ব চলে যায়, অনেকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। আবার অনেকেই ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েন। এ অবস্থায় নিষ্ক্রিয় সংগঠনকে সক্রিয় করতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে ফেনীতে এক প্রতিনিধি সভায় নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গোপন ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রায় তিন মাস পর কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই বছরের ২৪ মে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ সাত সদস্যের ফেনী জেলা কমিটি ঘোষণা করে। এতে আমানউদ্দিন কায়সারকে সভাপতি, মেজবাহউদ্দিনকে সহসভাপতি, নঈম উল্লাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক, সৈয়দ আলম ভূঞা ও হুমায়ুন কবিরকে যুগ্ম সম্পাদক, এ এস এম কায়সারকে সাংগঠনিক সম্পাদক ও সালাহউদ্দিনকে প্রচার সম্পাদক করা হয়।কিন্তু সাত সদস্যের এ কমিটি ঘোষণার পরই সভাপতির নেতৃত্বে চারজন একদিকে এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিনজন অন্যপক্ষে অবস্থান নেন। বর্তমানে সাত সদস্যের কমিটির ছয়জন বিবাহিত ও অছাত্র। শুরুতেই সাংগঠনিক কার্যক্রম স্থবির ও অচল হয়ে পড়ে। একমাত্র হুমায়ুন কবির এখনো অবিবাহিত। ২০১১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ফেনী পৌর নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদের দাবিদার দুই প্রার্থীর পক্ষে-বিপক্ষেও ছাত্রদলের বিবদমান দুই পক্ষ প্রকাশ্যে অবস্থান নেয়।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বলেন, ‘কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। সে হিসেবে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করে কাজ করছি।’জেলা ছাত্রদলের সভাপতি আমানউদ্দিন কায়সার বলেন, জেলা ছাত্রদলের স্থবিরতা সম্পর্কে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। ছাত্রদলের তৎপরতা না থাকলেও তারা বিএনপির সব কর্মসূচিতে অংশ নেয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন ওরফে মিস্টার বলেন, ছাত্রদলের দ্বন্দ্ব ও স্থবিরতার বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে। বিষয়টি কেন্দ্র থেকেও তদন্ত করেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। স্থানীয়ভাবে তাঁদের কিছুই করার নেই।