ছাত্রদলের ৯ কর্মী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর গাড়িতে ছাত্রদলের কর্মীদের হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে জেলা ছাত্রদল থেকে নয়জনকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন-নবী জানান, এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন ছাত্রদল শহর কমিটির সদস্য রুবি হাসান, সাইদ মিয়া, ফারুক হোসেন, আক্তার মিয়া, নগরের ২০ নম্বর ওয়ার্ড শহর সম্পাদক মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ ছাত্রদল শাখার সদস্য ইসমাইল হোসেন, একই কলেজের সদস্য ইব্রাহিম হোসেন, আলতাফ মিয়া ও কারমাইকেল কলেজের সদস্য রেজাউল করিম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান বুলবুল প্রথম আলো ডটকমকে বলেন, এমনিতেই জেলা বিএনপির মধ্যে বিরোধ রয়েছে। তার ওপর দীর্ঘদিন দলের পূর্ণাঙ্গ কমিটি না হওয়া ও হান্নান শাহর গাড়িতে হামলার ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যেতে পারে।

পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল বলেন, হান্নান শাহর উপস্থিতিতে ওই দিনের সভায় হট্টগোলের ঘটনায় দলের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। জেলা বিএনপির মধ্যে দুটি বিবদমান দল রয়েছে। এর মধ্যে দলের আহ্বায়ক মোজাফফর হোসেন একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ রহিম উদ্দিন ভরসার স্ত্রী মমতাজ শিরিন ভরসা।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর রংপুরে বিএনপির সমাবেশ আছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা।

ওই সভাকে সফল করতে গত সোমবার সন্ধ্যায় রংপুর শহরের আহার হোটেল মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে অঙ্গসংগঠনগুলোর এক সমাবেশ ছিল। এতে প্রধান অতিথি ছিলেন হান্নান শাহ। রাত পৌনে ১০টার দিকে সমাবেশ থেকে ফেরার পথে হান্নান শাহর গাড়িতে ওই হামলা হয়।