ছাত্রদের ওপর হামলা পরিবহনকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গতিতে বাস চালানোর প্রতিবাদ করায় মনোহরদী পরিবহন সমিতির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উয়ারি বটেশ্বর’ বাসের ছাত্রদের মারধর করেছেন। গতকাল বুধবার মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রসহ বাসের চালক ও সহযোগী গুরুতর আহত হয়েছেন।আহত দুজন হচ্ছেন আইইআর চতুর্থ বর্ষের ছাত্র আনিসুজ্জামান ও সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বাসটি নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় পৌঁছায়। এ সময় পেছন থেকে আসা মনোহরদী পরিবহনের (ঢাকা ব ১৪৪৫৩৭) বাসটি বিশ্ববিদ্যালয়ের বাসকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এরপর শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করেন।বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা জানান, বাসের ধাক্কায় ভেতরে অবস্থানকারী একজন ছাত্রের মাথা ফেটে গেলে শিক্ষার্থীরা গাড়িটি আটক করেন। বাসের চালক ও সহযোগী এ সময় ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করলে তাঁরা বাসটি ভাঙচুর করেন। এর রেশ ধরে বিশ্ববিদ্যালয়ের বাসটি ছয়টার দিকে মনোহরদী বাসস্টেশন এলাকায় পৌঁছালে ওই পরিবহন সমিতির সদস্য ও এলাকার কিছু উচ্ছৃঙ্খল তরুণ বাসটি আটক করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলার সময় বাসে অবস্থানকারী ছাত্রীদের লাঞ্ছিত করা হয় বলে জানান তাঁরা।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনোহরদী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।