রাজশাহী কলেজ ছাত্রাবাসের ৪৫০ শিক্ষার্থীর তত্ত্বাবধানের দায়িত্বে আছেন চারজন শিক্ষক। তাঁদের বসার জন্য প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে থাই গ্লাস দিয়ে ঘেরা তিনটি কক্ষ নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের টাকায় বানানো কাচের এই কক্ষগুলো পড়ে আছে অব্যবহূত। কারণ শিক্ষকেরা এখানে বসেন না। দুটি ডাইনিং দীর্ঘদিন থেকে বন্ধ। যে ডাইনিংগুলো চালু রয়েছে, এর কোনোটিতে ফ্যান নেই, কোনোটিতে নেই বেসিন। অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয় নিম্নমানের খাবার। বাথরুমের দরজা নেই। চারদিক জঙ্গলাকীর্ণ হয়ে ঘরে-বাইরে মশার উপদ্রব। শিক্ষার্থীদের এসব সমস্যা দেখার কেউ নেই।স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের সাতটি ভবনে ৪৫০ জন আবাসিক ছাত্র থাকেন। তাঁদের তত্ত্বাবধানের জন্য একজন প্রধান তত্ত্বাবধায়ক ও তিনজন সহকারী তত্ত্বাবধায়ক রয়েছেন। ছাত্রাবাসের কর্মচারী ও তত্ত্বাবধায়কদের বেতন দেওয়া হয় ছাত্রদের টাকায়। ছাত্রদের অভিযোগ, এক বছর আগে সহকারী তত্ত্বাবধায়কদের বসার জন্য কাচের তিনটি কক্ষ বানানো হলেও তাতে শিক্ষকেরা বসেন না। তাঁরা এক ঘণ্টার জন্য প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয়ে বসেই চলে যান। ছাত্রদের সুবিধা-অসুবিধার কোনো খোঁজ নেন না। গত সপ্তাহে পর পর দুই দিন তত্ত্বাবধায়কদের কার্যালয়ে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সেই কাচের কক্ষগুলোতে ডাইনিংয়ের বিভিন্ন জিনিসপত্র ফেলে রাখা হয়েছে; টেবিল-চেয়ারে জমেছে ধুলা।ছাত্রদের খাওয়াদাওয়ার জন্য সাতটি ডাইনিং রয়েছে। ডাইনিংয়ের কর্মচারীদের বেতন দেওয়া হয় ছাত্রদের টাকায়। তিন বছর ধরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও মুন্সী আব্দুর রউফ ভবনের ডাইনিং বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই ডাইনিং দুটি চালুর ব্যাপারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের আবাসিক শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন থেকে তাঁদের ভবনের দোতলার পায়খানার প্যান ফেটে নোংরা পানি চুয়ে চুয়ে পড়ছে। এ বিষয়ে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ককে অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি। উপরন্তু এ বিষয়ে কথা বলতে গেলে ছাত্রদের সিট বাতিলের হুমকি দেওয়া হয়।বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল ভবনের বাথরুমে গিয়ে দেখা যায়, কোনোটিরই দরজা নেই। ছাত্রাবাসগুলোর চারপাশের নর্দমা ডাইনিংয়ের সামনে দিয়ে গেছে। বৃষ্টি হলেই এগুলো ভেসে যায়। তখন শিক্ষার্থীদের এই ময়লা পানি মাড়িয়ে ডাইনিংয়ে যেতে হয়। নর্দমার গন্ধে নিচতলার শিক্ষার্থীরা জানালা খুলতে পারেন না। এগুলোর কারণে ছাত্রাবাসে মশার উপদ্রব বাড়ছে। এই ভবনের টিভিকক্ষের পাখা অচল। কর্তৃপক্ষকে বলেও কাজ হয়নি। ছাত্রদের অভিযোগ, বাজারের সবচেয়ে কম দামের চাল ও সবজি তাঁদের খাওয়ানো হয়। এর আগে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডাইনিংয়ে এসে সপ্তাহে কমপক্ষে এক দিন খাবার খেয়ে পরীক্ষা করতেন। ইদানীং তা আর করা হয় না। বরং দুই বছরে কয়েক দফা বাড়িয়ে প্রতিবার খাবারের দাম করা হয়েছে সাড়ে ৩৭ টাকা।এ ব্যাপারে প্রধান তত্ত্বাবধায়ক আবদুস সালাম বলেন, ছাত্রাবাসের ভবনগুলো গণপূর্ত অধিদপ্তরের অধীনে। তাদের এখন তহবিল নেই। কলেজের নিজস্ব তহবিল থেকে সংস্কারকাজ করার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তার পরও যদি এত অভিযোগ আসে, তাহলে আমাদের বাদ দেওয়া হোক। এটা তো আমাদের প্রধান চাকরি না।’ দুটি ডাইনিং বন্ধের ব্যাপারে তিনি বলেন, ‘আগ্রহী লোক পাওয়া যাচ্ছে না। তার পরও অসুবিধা হচ্ছে না। অন্য ডাইনিংগুলোতে ভাগ হয়ে ছাত্ররা খাচ্ছে।’ সহকারী তত্ত্বাবধায়কদের কক্ষে না বসার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।