ছাত্রদের ঘুম কেড়ে নিয়েছে হরতালকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৬০ ঘণ্টার হরতালে রাজশাহী কলেজ হোস্টেলে থাকা ছাত্রদের চোখের ঘুম কেড়ে নিয়েছে হরতালকারীরা। তারা আগের রাতে এসে মিছিলের দাওয়াত দিয়ে যাচ্ছে, ভোরে ডেকে তুলে মিছিলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন হোস্টেলের আবাসিক ছাত্ররা।
হোস্টেলের সাধারণ ছাত্ররা অভিযোগ করেন, গত পাঁচ বছর ছাত্রলীগ কলেজ হোস্টেলে দাপট দেখিয়েছে। ক্যাম্পাসে মিছিল করতে তারা সাধারণ ছাত্রদের বাধ্য করেছে। সরকারের শেষ সময়ে এসে এবার ছাত্রদল তাঁদের সঙ্গে একই ব্যবহার করছে। টানা ৬০ ঘণ্টার হরতালের শুরুর দিন থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ঘুমাতে দিচ্ছেন না। তাঁরা রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এসে সকালের মিছিলে যেতে বলে যান। আবার ভোর পাঁচটায় এসে দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে ডেকে তোলে।
সাধারণ ছাত্ররা জানান, রাত জেগে পড়াশোনা করে এভাবে ভোরে ওঠা যেমন তাঁদের জন্য কষ্টকর, তেমনি সক্রিয় রাজনীতি না করে হরতালের মতো বিপজ্জনক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পুলিশের তাড়া খাচ্ছেন। যাঁরা মিছিলে যাচ্ছেন না, ছাত্রদলের পক্ষ থেকে তাঁদের নামের তালিকা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মঈনুল হোসেন বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করা হতে পারে। কারণ, হোস্টেলে ছাত্রলীগের নিয়ন্ত্রণে একটা ব্লকের আহ্বায়ক পর্যন্ত এবার তাঁদের দলে যোগ দিয়েছেন। পরে অবশ্য সাধারণ ছাত্ররা এ অভিযোগ করছে শুনে তিনি বলেন, কাউকে জোর করে রাজনীতি করানো যায় না। এরা আবার চলে যাবে।
কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান জানান, তিনি বিষয়টি শোনেননি। খোঁজ নেবেন বলে জানান।