ছাত্রদের দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কাজ, আহত ১
অর্থ বাঁচানোর জন্য বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। ওই কাজ করার সময় শাবলের আঘাতে গত বৃহস্পতিবার বেল্লাল (৯) নামের এক ছাত্রের ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা জানা গেছে, উন্নয়ন প্রকল্পের অর্থ বাঁচাতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুদ্দুস মোল্লা শ্রমিক নিয়োগ না করে ছাত্রদের দিয়ে মাটি কাটা ও খুঁটি বসানোর কাজ করাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় শাবলের আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্র বেল্লাল হোসেনের ডান হাতের দুটি আঙুল কাটা পড়ে। বেল্লালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বেল্লালের বাবা মো. মোকলেছ খাঁ অভিযোগ করেন, বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে শিক্ষক কুদ্দুস মোল্লা শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয় ভবনের ভিটি ভরাটের জন্য মাটি কাটা ও খুঁটি বসানোর কাজ করাচ্ছিলেন। ওই বিদ্যালয়ের অভিভাবক শহীদুল ইসলাম ও কুলসুম বেগম অভিযোগ করেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি ৩০ হাজার টাকা বরাদ্দ এসেছে। বরাদ্দের ওই অর্থ বাঁচিয়ে আত্মসাৎ করার জন্য উন্নয়নকাজের দায়িত্বে নিয়োজিত সহকারী শিক্ষক কুদ্দুস মোল্লা শিক্ষার্থীদের দিয়ে কাজ করাচ্ছিলেন।অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে সহকারী শিক্ষক কুদ্দুস মোল্লা এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগম বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। উন্নয়নকাজে বরাদ্দের বিষয়ে কিছুই জানি না।’ তবে শিক্ষার্থীদের দিয়ে কেন কাজ করানো হচ্ছিল—এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি। আমতলী সদর ইউনিয়নেরর দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, এ ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।