বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
ছাত্রদের দুই পক্ষের মারামারি দ্বিতীয় বর্ষের ক্লাস স্থগিত
নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পাঁচজন ছাত্র আহত হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। পুলিশ ও ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কলেজের বিএসসি প্রথম বর্ষের এক ছাত্রী সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য করা নিয়ে দ্বিতীয় বর্ষের দুই ছাত্রের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ নিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্ররা দুই ভাগে ভাগ হয়ে যায়। আগের ঘটনার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে দ্বিতীয় বর্ষের দুলাল ও সবুজ নামের দুই ছাত্রের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা ও পরে মারামারি হয়। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দ্বিতীয় বর্ষের মো. সবুজ, সেলিম ও দুলালসহ চার-পাঁচজন আহত হয়। আহত ছাত্রদের স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ আবু নাছের মো. শামীম প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় শৃঙ্খলা কমিটির বৈঠক করে দ্বিতীয় বর্ষের ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।