ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কর্তৃপক্ষ কলেজের ক্লাস ও প্রথম বর্ষের ভর্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী আলী আকবর জানান, গত বুধবার সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালী স্কুল অ্যান্ড কলেজে ধূমপান করা নিয়ে স্থানীয় গোপালপুর যাদুখালী ও পিরোজপুর গ্রামের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পিরোজপুর গ্রামের ছাত্ররা কলেজের আসবাব, দরজা-জানালা ও অধ্যক্ষের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, তিনি বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আপস না মেনে কানন, দিপু ও রাজ্জাকের নেতৃত্বে পিরোজপুর গ্রামের কিছু ছাত্র গোপালপুর যাদুখালী গ্রামের ছাত্রদের ওপর হামলা চালাতে গিয়ে কলেজের ২০০ চেয়ার ও বেঞ্চ এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কলেজের সব ক্লাস ও ভর্তির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ২০০ ছাত্রকে আসামি করে গতকাল থানায় মামলা করেন।