ছাত্রদের নিপীড়নের দায়ে সেই স্কুল শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের যৌন নিপীড়নের দায়ে সাভারের সেই স্কুলশিক্ষককে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্কুল পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে স্কুল পরিচালনা কমিটির সভায় ওই স্কুলশিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তখন বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি বুধবার স্কুল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই দিন বিকেলে স্কুল পরিচালনা কমিটির সভা করা হয়। তদন্তে ওই স্কুলশিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। সভায় তাঁকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অন্তত চার ছাত্র ওই শিক্ষকের যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এক পত্রের মাধ্যমে পরিচালনা কমিটির সিদ্ধান্তের কথা গতকালই ওই শিক্ষককে জানানো হয়। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া ওই শিক্ষককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল তাঁর সঙ্গে আলাপকালে প্রথম আলোকে ধন্যবাদ জানিয়েছেন।