ছাত্রদের বাধায় রক্ষা পেল নয়টি ঝাউগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাধার কারণে রক্ষা পেয়েছে নয়টি ঝাউগাছ। ছাত্রাবাসে আলো-বাতাসে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এই গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রে জানা গেছে, শাহ আমানত হল পার্কের গাছ বিক্রির জন্য গঠিত কমিটি গত ২১ মার্চ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিলামের আনুষ্ঠানিকতার পর গত ৭ এপ্রিল ইসমাইল নামে এক ব্যক্তি ১০টি গাছের বিপরীতে এক লাখ ৬৭ হাজার টাকা পরিশোধ করেন। পরে গতকাল শনিবার দুপুরে তাঁর লোকজন গাছগুলো কাটতে আসেন।একটি গাছ কাটার পর শাহ আমানত হল ও আশপাশের ছাত্ররা এটি দেখতে পেয়ে শ্রমিকদের বাধা দেন। পরে তাঁরা গাছ না কেটেই চলে যান। ওই আবাসিক হলের ছাত্র সুজন, হান্নান, রাশেদ বলেন, ‘গাছগুলো পার্কের সৌন্দর্য বাড়িয়েছে। তাই আমরা কাটায় বাধা দিয়েছি।’ গাছ বিক্রির জন্য গঠিত কমিটির আহ্বায়ক বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, ‘গাছগুলোর কারণে হলের কক্ষগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস যাচ্ছে না। এ জন্য গাছগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্কের গাছ বিক্রিতে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গাছ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা যাচাই-বাছাই করে গাছগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।’