ছাত্রদের বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। ১৯২১ সালে নারিন্দায় গড়ে ওঠা উইভিং স্কুলটিই শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সৃষ্টিতে সবার দায়িত্ব রয়েছে। কথায় কথায় গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খল আচরণ করলে চলবে না।ক্যাম্পাসে পৌঁছেই বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর ও সাংসদ আসাদুজ্জামান খান কামাল।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, শিক্ষার উন্নত মান ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বস্ত্র খাতের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে।বস্ত্র খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই খাতকে আরও গুরুত্ব দিতে হবে। বস্ত্র খাতের প্রসারের ওপর নির্ভর করছে দেশের শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি ও রাজস্ব আয়ের প্রবৃদ্ধি। এই বিশ্ববিদ্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বস্ত্রপ্রযুক্তি ও প্রকৌশল ক্ষেত্রে সূচনা হলো নবযাত্রার।শেখ হাসিনা বলেন, গত দুই বছরে দুই লাখ ২১ হাজার বেকারকে চাকরি দেওয়া হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রথম পর্যায়ে তিনটি জেলায় ৩৫ হাজার ৮৫২ নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে, আরও ১৬ হাজার ৮০০ নারী-পুরুষ প্রশিক্ষণ নিচ্ছে। এ কর্মসূচি রংপুর অঞ্চলের আরও সাত জেলায় সম্প্রসারণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের চারটি প্রকৌশল ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছি। ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দুটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দুটি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবার দায়িত্ব নিয়েই ঢাকায় ইউনিভার্সিটি অব প্রফেশনালস, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরও ছয়টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করা হয়েছে।’