ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম খায়রুল আলমকে চুক্তিভিত্তিক পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ মিছিলে লাঠিপেটা করে। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম খায়রুল আলমের চাকরির মেয়াদ শেষ হলে প্রথম দফায় দুই বছর চাকরি বাড়ানো হয়। এ দুই বছরের মেয়াদ সোমবার শেষ হয়েছে। ফলে তিনি মঙ্গলবার বিদ্যালয়ে আসেননি। প্রিয় প্রধান শিক্ষক বিদ্যালয়ে না আসার কারণ জানতে পেরে শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং তাঁকে চুক্তিভিত্তিক পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে।এ সময় পুলিশ শিক্ষার্থীদের মিছিলে লাঠিপেটা করলে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে সপ্তম শ্রেণীর ছাত্র মোমিনুর রহমান, দশম শ্রেণীর খালিদ মাসুদ, নাহিদ ও জীমকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ছাত্ররা তাদের মিছিলে লাঠিপেটার প্রতিবাদে ক্লাস বর্জন করে।শহরের হামিদপুর এলাকার অভিভাবক আবুল হোসেন বলেন, ‘ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা করা ঠিক হয়নি। সবাই একজন ভালো শিক্ষককে স্কুলে চায়। আমরাও তা-ই চাই।’জ্যেষ্ঠ শিক্ষক আকতারুজ্জামান বলেন, ‘ছাত্রদের মিছিলে লাঠিপেটা করা দুঃখজনক ও নিন্দনীয়। প্রধান শিক্ষক নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে। আর দৌড়াদৌড়ি করার সময় কয়েকজন সামান্য আহত হয়েছে।’