ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত দুটি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দরপত্র দাখিল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় ছাত্রদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত করেছে।এদিকে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় ছাত্রলীগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। দুমকি বাজারের দোকানপাট ভাঙচুর ও ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ওই বাজারে সকাল-সন্ধ্যা হরতালের পরিবর্তে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন আবুল কাসেম চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।উপাচার্য মো. শামসুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সব কর্মকাণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোনো ছাত্র অন্যায় করে থাকলে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের প্রতিবাদ: ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরিশাল মেডিকেল কলেজে ছাত্রীনিবাসে ছাত্রলীগের হামলা-সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল মেডিকেল কলেজে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। এ পর্যন্ত ছাত্রলীগের কোনো কমিটি ঘোষণা করা হয়নি। প্রথম আলোর বরিশাল অফিস জানিয়েছে, গত বছরের ১০ জুন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে তা অনুমোদনের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে পাঠানো হয়। এমন একটি বিজ্ঞপ্তি তখন বরিশালের সাংবাদিকদের কাছে পাঠানো হয়। তখন থেকে ওই আহ্বায়ক কমিটি ও ছাত্রলীগের গঠন করা ছাত্রকল্যাণ পরিষদ মেডিকেল কলেজে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন করছে।