ছাত্রদের সংঘর্ষে আহত ১৫, কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনরত বিএসসির ছাত্রদের সঙ্গে ডিপ্লোমা কোর্সের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ছাত্রদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে চৌমুহনী-মাইজদী সড়কে যানচলাচল ব্যাহত হয়। কর্তৃপক্ষ দুপুর দুইটার দিকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার দফা দাবিতে আন্দোলনরত বিএসসি শিক্ষার্থীরা গত বুধবার দুপুরে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা গতকাল সকালে পূর্বনির্ধারিত মধ্যমপর্ব পরীক্ষায় অংশ না নিয়ে অধ্যক্ষের কক্ষের তালা ভাঙেন এবং বিএসসি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কলেজের ফটক বন্ধ করে বিএসসির ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে ডিপ্লোমার ছাত্ররা ফটকের ভেতরে এবং বিএসসির ছাত্ররা ফটকের বাইরে অবস্থান নেন।খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ কলেজের ফটকে অবস্থান নেয়। দুপুর ১২টায় পুলিশ বিএসসির ছাত্রদের ক্যাম্পাসে ঢোকানোর উদ্যোগ নিলে সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চললেও পুলিশ সক্রিয় কোনো ভূমিকা পালন করেনি বলে সাধারণ ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন। সংঘর্ষে আহত ছাত্রদের মধ্যে ছোটন, শহিদুল, মিরাজ আহম্মেদ, মামুন ও শরীফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অপর আহত কামরুল, রবিন, হিমেল, মাইদুল ও সোহাগসহ অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয় এবং আহত ছাত্রদের উদ্ধার করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মো. শামীম অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।