ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া তিব্বত হল উদ্ধারের চেষ্টাকালে গতকাল ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে পাটুয়াটুলী মোড়ে পুলিশ তাদের ধাওয়া করে । ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া তিব্বত হল উদ্ধারের চেষ্টাকালে গতকাল ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে পাটুয়াটুলী মোড়ে পুলিশ তাদের ধাওয়া করে । ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে গতকাল রোববার পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকসহ অন্তত ২২ জন শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছেন। প্রায় চার ঘণ্টার ওই সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে এ সংঘর্ষ হয়। সম্প্রতি জাতীয় সংসদে ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন হাজি সেলিম। ছাত্রলীগ এর নিন্দা জানিয়ে হাজি সেলিমকে অশিক্ষিত, মূর্খ ও টোকাই আখ্যা দিয়ে বিবৃতি দেয়।
এর কয়েক দিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধারে আন্দোলনের ডাক দেয়। হল উদ্ধারে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কর্মসূচির প্রতি সমর্থন দেয়।
শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে মানববন্ধন এবং দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিপেটার ঘটনায় লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন শিক্ষকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় ও নয়াবাজার মোড়ে সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল দখলমুক্ত করতে রওনা দেন। এ সময় বাংলাবাজার মোড়ে পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে বেরিকেড সৃষ্টি করে। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে তিব্বত হলের দিকে যাওয়ার সময় পাটুয়াটুলীর নূরুল হক মার্কেটের সামনে আবারও বাধা দেয় পুলিশ। এ সময় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শিক্ষার্থীদের বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এ সময় নয়জন ছাত্রীসহ প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হন। বেলা ১১টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিলে আবারও শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরাও দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সংঘর্ষ থামাতে গেলে হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী নূর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর আবদুর রউফ, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সিকান্দার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিদ্দিকুর রহমান, ফিন্যান্স বিভাগের প্রভাষক মাশরিক হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদসহ সাতজন শিক্ষক আহত হন। তাঁদের মধ্যে নাসির উদ্দিনের শরীরে ৪৬টি ছররা গুলি লেগেছে। এ ছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি হিমেলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দৈনিক আলোকিত বাংলাদেশ-এর ফটো সাংবাদিক মুইদ খন্দকার, অর্থনীতি প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাগর আহমেদ, বাংলা বিভাগের ছাত্র শাহ আলম শিকদার ও রনি আহমেদ, দর্শন বিভাগের মামুন, ইতিহাসের আলমগীর ও ইউসুফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিরাজ, নূর মোহাম্মদ ও তফাজ্জল আহত হয়েছেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, ‘সংঘর্ষের সময় ছাত্রীদের কমনরুমে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। এতে বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন ছাত্রী আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন।’
পুলিশের ডিসি হারুন বলেন, শিক্ষার্থীরা টানা সাত দিন আন্দোলন করলেও বাধা দেওয়া হয়নি। গতকাল মার্কেট (তিব্বত হল) হল দখল করতে গেলে নিরুপায় হয়ে বাধা দিয়েছে পুলিশ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির আজকের কর্মসূচির সঙ্গে একই কর্মসূচি পালন করবে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা অনুমতিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। বারবার তাদের অনুরোধ করার পরও ক্যাম্পাসে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া বন্ধ হয়নি। এ হামলায় বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রক্টর দাবি করেন।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংসদ ফিরোজ রশীদ, বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতায় নিন্দা জ্ঞাপন করছে।
তথ্য অনুসন্ধান কমিটি: বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য হাবিবুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন সরকার আলী আক্কাস, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হাসনা হেনা বেগম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান মোহা. আলী নূর ও মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান মো. জাকারিয়া মিয়া। সাচিবিক দায়িত্ব পালন করবেন উপ-রেজিস্ট্রার জিয়াদুর রহমান।
সভায় দখলকৃত হল উদ্ধারে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতিবাচক ভূমিকার তীব্র নিন্দা জানানো হয় এবং ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসময় আহত ছাত্র-শিক্ষকদের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের চিকিৎসার ব্যয়ভার সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করার সিদ্ধান্ত নেয়।
সভা থেকে সাবেক জগন্নাথ কলেজের ছাত্রদের ব্যবহূত সব ছাত্রাবাস দখলমুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।