ছাত্রদের সামনে শিক্ষককে মারলেন শ্রমিক লীগ নেতা
ছেলেকে শাসন করায় বিদ্যালয়ে গিয়ে সবার সামনে এক শিক্ষককে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়েছেন এক অভিভাবক। অভিভাবক বাবুল করিম শ্রমিক লীগের যশোরের মনিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক। গত শনিবার দুপুরে মনিরামপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে তিনি ওই ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষক পরিমল বিশ্বাস শ্রেণীকক্ষে যান। পড়ানোর সময় ওই শিক্ষক কদর আলী নামের এক শিক্ষার্থীকে অমনোযোগী দেখে কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে শিক্ষার্থী জানায়, তার কলম নেই। সঙ্গে সঙ্গে শিক্ষক তাকে একটি কলম দেন। ওই শিক্ষার্থী খাতায় লেখার বদলে সামনে বসা অপর শিক্ষার্থী সৌরভ চন্দ্রকে কলম দিয়ে বারবার খোঁচা মারে। এতে সৌরভ অতিষ্ঠ হয়ে পেছনে খালি গিয়ে বেঞ্চে বসে। সামনে থেকে পেছনে বসার কারণ জানতে চাইলে সৌরভ শিক্ষক পরিমলকে জানায়, সহপাঠী কদর তাকে কলম দিয়ে খোঁচা মারছে বলেই সে পেছনে গিয়ে বসেছে। এতে শিক্ষক পরিমল ক্ষিপ্ত হয়ে কদরকে বেত্রাঘাত করেন।ক্লাস শেষে নালিশ করার অভিযোগে কদর আলী সহপাঠী সৌরভকে মারধর করে। এ খবর জানতে পেরে শিক্ষক পরিমল বিশ্বাস আবারও শ্রেণীকক্ষে এসে কদরকে বেত্রাঘাত করেন। কদর পরে বাড়িতে গিয়ে বাবা বাবুল করিমকে বিষয়টি জানায়। বাবুল করিম দুপুরে বিদ্যালয়ে শিক্ষকদের কক্ষে যান। সেখানে তিনি সবার সামনেই শিক্ষক পরিমল বিশ্বাসকে গালাগালসহ এলোপাতাড়ি কিল-ঘুষি দেন। প্রত্যক্ষদর্শী শিক্ষক প্রণয় বিশ্বাস ও কামাল হোসেন বলেন, ‘পরিমল বিশ্বাসকে আঘাত করা মানে গোটা শিক্ষকসমাজকে আঘাত করা। আমরা এর নিন্দা জানাই।’ এ ব্যাপারে শিক্ষক পরিমল বিশ্বাস বলেন, ‘একটি দুষ্টু ছেলেকে সংশোধনের জন্য সামান্য শাস্তির বদলে একজন অভিভাবক যেভাবে আমাকে লাঞ্ছিত করেছে, তা এই সভ্য সমাজে মেনে নেওয়া খুব কঠিন। আজ থেকে আমি শিক্ষক হিসেবে নয়, চাকর হিসেবে দায়িত্ব পালন করব।’ যোগাযোগ করা হলে বাবুল করিম বলেন, ‘আমি উত্তেজিত হয়ে সামান্য আঘাত করেছি। সামান্য বিষয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মীমাংসা করে নিয়েছি।’ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা শুনেই আমি প্রধান শিক্ষককে ব্যবস্থা নিতে বলেছিলাম।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘তাঁরা প্রভাবশালী বলে ওই শিক্ষক থানায় কোনো অভিযোগ দিতে সাহস পাননি।’