বগুড়া সরকারি আযিযুল হক কলেজের কয়েকজন শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের কর্মচারীরা গতকাল রোববার কলেজে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন।আযিযুল হক কলেজের চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, কলেজ বন্ধের দিন গত শনিবার দুপুর একটার দিকে কলেজের তৃতীয় তলার বারান্দায় এক ছাত্র একজন ছাত্রীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী শফিকুল ইসলাম কলেজ থেকে তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র আল মামুন ও তাঁর সহযোগী পাঁচ-ছয়জন ছাত্র শফিকুলকে পিটিয়ে আহত করে পালিয়ে যান। পরে শফিকুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষের কাছে হামলাকারী শিক্ষার্থীদের বিচার দাবি করে আবেদন করেছেন।এই হামলার প্রতিবাদে গতকাল রোববার সকাল ১০টার দিকে কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। তাঁরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে চতুর্থ শ্রেণীর কর্মচারী নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আবু এরশাদ মিজানুর রহমান, গোলাম আযম, আকুল হোসেন, জুলফিকার করিম প্রমুখ। তাঁরা অবিলম্বে শফিকুল ইসলামের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন। কর্মচারীদের অবস্থান ধর্মঘটের কারণে গতকাল কলেজে কোনো ক্লাস হয়নি।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিলে দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।