ছাত্রনির্ভর ব্যবসায় দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ-পূজার ছুটি শেষে একের পর এক হরতালের কারণে শিক্ষানগর হিসেবে খ্যাত রাজশাহীর ছাত্রনির্ভর ব্যবসায় চরম দুর্দিন যাচ্ছে। প্রায় এক মাস ধরে এই অচলাবস্থা বিরাজ করছে। ছাত্রদের দীর্ঘ সময়ের অনুপস্থিতি তাঁদের পথে বসিয়ে দিয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ এবং চারটি সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে বর্তমানে ছাত্রসংখ্যা প্রায় ৮০ হাজার। ছাত্রদের শহরে থাকা, খাওয়া ও শিক্ষা উপকরণের আনুষঙ্গিক বিষয় নিয়ে এলাকায় বিপুলসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ-পূজার ছুটি ছিল। এরপর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার কথা থাকলেও ১৮-দলীয় জোটের টানা হরতালে তা বাধাগ্রস্ত হয়। ছুটির পরে প্রথম সপ্তাহেই ছিল দুই দিনের হরতাল। দ্বিতীয় সপ্তাহে ছিল তিন দিনের হরতাল এবং চলতি সপ্তাহে টানা চার দিন হরতালের কবলে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়নি। এ কারণে অধিকাংশ শিক্ষার্থীই আসেননি।
রাজশাহী কলেজের মহারানী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাসের আবাসিক ছাত্র বিদ্যুৎ কুমার ঘোষ বলেন, তাঁদের ছাত্রাবাসে ছাত্রসংখ্যা ৫৩ জন। তাঁদের মধ্যে বর্তমানে মাত্র ২৩ জন ছাত্রাবাসে অবস্থান করছেন।
বিদ্যুৎ কুমার আরও বলেন, অক্টোবরে ছুটির আগে থেকেই ছাত্ররা ছাত্রাবাস ছাড়তে শুরু করেন। সাধারণত বড় ছুটির পরে ছাত্রদের ফিরতে প্রায় এক সপ্তাহ লেগে যায়। কিন্তু এই ছুটির পরের সপ্তাহ থেকেই হরতাল শুরুর কারণে ছাত্ররা ফিরছেন না। রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসেও ছাত্র উপস্থিতির একই চিত্র দেখা গেছে।
শহরের মেসগুলোতে ছাত্র উপস্থিতির হার আরও কম। রাজশাহী কলেজের ভূগোল বিভাগের ছাত্র সবুজ কুমার সরকার বলেন, তিনি নগরের ষষ্ঠীতলা এলাকার একটি মেসে থাকেন। তাঁদের মেসের ৪০ জনের মধ্যে মাত্র ১৫ জন শিক্ষার্থী রয়েছেন।
নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি খাবার হোটেলের কর্মচারী আসাদুজ্জামান বলেন, হরতালের মধ্যে তাঁরা দোকান খোলা রাখলেও ছাত্র না থাকায় কোনো লাভ হচ্ছে না। ছাত্র থাকলে প্রতিদিন ছয়-সাত হাজার টাকা বিক্রি হতো। এখন এক-দেড় হাজার টাকাও হচ্ছে না। ঘরভাড়া, কর্মচারী ও বাবুর্চি খরচ দিতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে।
নগরের সোনাদীঘি মোড়ের ফুড সিটি নামের একটি কনফেকশনারির মালিক মহসিন কবির বলেন, দোকানের ৯০ শতাংশ ক্রেতাই ছাত্র। হরতালের কারণে দোকান খোলা যায়নি। আবার দোকান খুললেও খদ্দের পাওয়া যাচ্ছে না। নগরের মরণ চাঁদ মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী গোপাল চন্দ্র বলেন, ‘ছাত্র নাই, বেচাকেনাও নাই। দোকান খুলে বসে থাকা ছাড়া কোনো কাজ নাই।’
নগরের সোনাদীঘির মোড় এলাকার সমবায় মার্কেটে রাজশাহী স্টেশনারির মালিক মনিরুজ্জামান বলেন, ‘এ রকম চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।’