ছাত্রনেতা থেকে আলবদর, এরপর অর্থ জোগানদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালে মাত্র ১৮ বছর বয়সে মীর কাসেম আলী জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন। মাত্র এক বছরের মধ্যে চট্টগ্রাম শহর ছাত্রসংঘের সভাপতি হয়ে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের ত্রাস, গুপ্তঘাতক আলবদর বাহিনীর অন্যতম প্রধান সংগঠক। এসব এখন প্রমাণিত সত্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অংশ।
একাত্তরে চট্টগ্রামের আন্দরকিল্লার মহামায়া ডালিম হোটেলে মীর কাসেম গড়ে তোলেন আলবদর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র। মুক্তিযুদ্ধকামী বাঙালিদের ধরে নিয়ে সেখানে নির্মম নির্যাতনের পর প্রাণে মারা হতো। ভয়ে স্থানীয় লোকজন তাঁর নাম দেন ‘বাঙালি খান’। বাঙালি হত্যার পুরস্কার দ্রুতই পেলেন মীর কাসেম, একাত্তরের ৭ নভেম্বর দলে পদোন্নতি পেয়ে হয়ে গেলেন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক।
মুক্তিযুদ্ধ শেষে রাজনৈতিক ও আর্থিক ক্ষেত্রে ধূর্ততার পরিচয় দিয়ে অত্যন্ত দ্রুততায় নিজের ও দলের উন্নতি ঘটিয়েছেন মীর কাসেম। স্বাধীন বাংলাদেশেও জামায়াতের ছাত্ররাজনীতি শুরু হয় তাঁর হাত ধরে। ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম বর্তমানে জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা, দলটির অর্থের জোগানদাতা। জামায়াতের এই প্রভাবশালী নেতাকে গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেমকে ফাঁসির আদেশ দিয়ে যে রায় দিয়েছিলেন, তাতে উঠে আসে ছাত্রনেতা থেকে আলবদরের অন্যতম সংগঠকে পরিণত হওয়া মীর কাসেমের রাজনৈতিক জীবন। রায়ে বলা হয়, একাত্তরে মীর কাসেমের নেতৃত্বে শাখা-প্রশাখা বিস্তার করে চট্টগ্রামের আলবদর বাহিনী। তাঁরই নেতৃত্বে ও নির্দেশনায় শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে স্থাপিত হয় নির্যাতনকেন্দ্র, যাকে ঘিরে আবর্তিত হয় হত্যা ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ। ট্রাইব্যুনাল এই ডালিম হোটেলকে বলেছেন ‘ডেথ ফ্যাক্টরি’।
মুক্তিযুদ্ধ শেষে অবশ্য মীর কাসেম আত্মগোপনে চলে যান। স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয় ছাত্রসংঘ ও জামায়াতের রাজনীতি। পঁচাত্তরে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতকে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেন। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।
রায়ে আরও বলা হয়, জামায়াতকে শক্ত আর্থিক ভিত্তির ওপর দাঁড় করাতে ১৯৭৭ সাল থেকেই কাজ শুরু করেন মীর কাসেম। ১৯৮০ সালে ছাত্রশিবির ছেড়ে জামায়াতে যোগ দেন তিনি। ওই বছর তিনি সৌদি আরবভিত্তিক বেসরকারি সংস্থা রাবেতা আল আলম আল ইসলামীর এ দেশীয় পরিচালক হন। এরপর ১৯৮৩ সালে ব্যাংক গঠনের পর চিকিৎসাসেবা, পরিবহন, টেলিযোগাযোগ, গণমাধ্যম ও শিক্ষা—সব খাতেই বিচরণ তাঁর এবং এতে সব সরকার থেকেই পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি।