ছাত্রনেতাদের সংঘাতের কালি পড়ছে রাজনীতিবিদদের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনের নেতারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য কোন্দল ও সংঘাতে জড়িয়ে পড়ছে। এতে কালি পড়ছে রাজনীতিবিদদের ওপর। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা। বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্টি হয় প্রকৃত সমাজবাদী, অর্থনীতিবিদ, বিজ্ঞানী ও আদর্শ মানুষ। এখানকার ছাত্ররা মেধার পরিচয় দিয়ে বিশ্বে দেশকে তুলে ধরবে এটাই আমাদের চাওয়া। ছাত্ররাই বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। এরই ধারাবাহিকতায় এখন তারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করবে এটাই দেশবাসীর প্রত্যাশা।’
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম সাইদুর রহমান খান, পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক, বাংলাদেশে নিযুক্ত জাপানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকেসি মাতসুনাগা ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী, শিক্ষক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম ও বাংলা বিভাগের চেয়ারম্যান এম আব্দুল আলীম।
বক্তব্যে এম সাইদুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের সমুদ্র। বিশ্ববিদ্যালয় জাতির পথ দেখায়, নতুন নতুন ধারণার জন্ম দেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করবে। তারা সুস্থ রাজনীতি শিখে দেশকে আলোর পথ দেখাবে।
আলোচনা পর্ব শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের নিউজ পোর্টাল ও রসায়ন বিভাগের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প বিল পাস হয়। এরপর ২০০৮ সালে পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ৩০ একর জমির ওপর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ২০০৯ সালের ৫ জুন আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। সেই থেকে ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদে ১৩টি বিভাগের অধীনে প্রায় তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি, বি ফার্ম, বি আর্ক, বিএসএস, বিএ (অনার্স), বিবিএ, এমএসসি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, ইএমবিএ, এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু আছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন সার্টিফিকেট কোর্স।
বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত হয়। আট সেমিস্টারের সময়সীমায় প্রতিবছর দুটি সেমিস্টার। ইতিমধ্যে দুটি ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে চলে গেছেন।