ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সহসভাপতি মাহী মাহফুজের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে মাহী মাহফুজকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ।গতকাল দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাজিব কর্মকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্দেহের বশবর্তী হয়ে মাহফুজকে বহিষ্কার করেছে। সিদ্ধান্ত প্রত্যাহার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ জানান।গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। ওই দিন সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে মাহী মাহফুজসহ ১৭ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা সোমবারের সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন। ফোরামের ৭৮ জন শিক্ষকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁরা এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অদক্ষতাকে দায়ী করেন এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ও সংঘর্ষের ঘটনা রোধে অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে তাঁরা অনুরোধ জানান।