ছাত্রনেতারা টাকা আয় করতে ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধান দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অনৈতিক চর্চায় ব্যস্ত। তিন দশক ধরে তাঁরা কোনো না কোনোভাবে টাকা আয় করছেন এবং ক্ষমতা-প্রতিপত্তি দেখাতেই নিজেদের ব্যস্ত রেখেছেন। রাজনৈতিক দলগুলোও তাদের ক্ষমতা প্রদর্শন করতে ভ্রাতৃপ্রতিম ও সহযোগী এই ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের ব্যবহার করছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, হানাহানির মতো ঘটনা ঘটছে।ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় এসব মন্তব্য উঠে এসেছে। সদ্য সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ‘ইনক্রিজেস স্টুডেন্ট ভায়োলেন্স রেইজেস অ্যালার্মস’ শিরোনামে ওয়াশিংটনে এই বার্তা পাঠান। প্রায় দেড় লাখ নতুন কেবেলর সঙ্গে এ বার্তাটিও গত ৩০ আগস্ট প্রকাশ করেছে জুলিয়ান অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস।ওই বার্তায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন তখনকার রাষ্ট্রদূত মরিয়ার্টি। তিনি মন্তব্য করেন, ২০১০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সারা দেশে যেভাবে ছাত্র সংঘর্ষের জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়েছিল, তা নিয়ন্ত্রণ না করা গেলে ২০০৭ সালের জরুরি অবস্থার মতোই কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।ওই বার্তায় বলা হয়, টাকা, ক্ষমতা আর প্রভাব-প্রতিপত্তির প্রতিযোগিতা ছাত্রসংগঠনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এখন অনেক নাগরিকের পক্ষ থেকেও ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে।বার্তায় বলা হয়, ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পরপরই বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের দখল নেয় ছাত্রলীগ। মার্কিন এক কর্মকর্তার সঙ্গে বৈঠকে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি জানান, ছাত্রনেতারা টাকা আয় করতে ব্যস্ত। ক্ষমতায় আসার পরপরই ছাত্রলীগের নেতারা ঠিকাদারি, বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি-বাণিজ্য, দরপত্র-দুর্নীতি এবং হলগুলোতে আসন বরাদ্দের অনিয়মে জড়িত।বার্তায় বলা হয়, দুই বছরে অন্তত ১১টি হত্যাকাণ্ডে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ২০১০ সালের জানুয়ারিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্তত ৫০ জন আহত হন। টুকুর অভিযোগ, ছাত্রলীগ ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের নেতাদের অস্ত্র ও লোকবল দিয়ে সহায়তা করেছে।সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী মার্কিন দূতাবাসের কর্মকর্তা পোলোফের কাছে অভিযোগ করেছেন, পুলিশ ওই হামলা ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি। অস্ত্রসহ মহড়া দেওয়ার পরও তারা কাউকে গ্রেপ্তার করেনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অন্তঃকোন্দলের বিষয়ে বলা হয়, হল দখল নিয়ে ছাত্রলীগের কোন্দলের কারণে পুলিশ একটি হলে টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে। এই সংঘর্ষের কারণে মেধাবী ছাত্র আবুবকর মারা যান। ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। শিবিরের কর্মীরা নির্মমভাবে ফারুক হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করে ম্যানহোলে ফেলে রাখে। তারা চারজনের রগ কেটে ফেলে। এরপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রাজশাহীতে যান এবং সারা দেশে শিবিরের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ।বার্তায় বলা হয়, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় এই সরকারের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ন হয়েছে। বিএনপিও এই সুযোগ নিয়েছে এবং তারা সব সময় সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে বিষিয়ে দিতে ছাত্রলীগের অপকর্মের কথা বলেছে। এ কারণেই ক্যাম্পাসগুলো থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিও তুলেছে নাগরিক সমাজ।প্রতিক্রিয়া: জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। ছাত্ররাজনীতি নিয়েও অনেক কথা হয়েছে।’ছাত্ররাজনীতি আর ছাত্রলীগের এই সমালোচনার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বলেন, ‘অতীতে ছাত্রলীগ নামধারীরা এসব করেছে, কিন্তু দায় এসেছে ছাত্রলীগের। আমরা এই অবস্থা থেকে ছাত্রলীগকে বের করে নিয়ে আসতে সব ধরনের চেষ্টা করছি। বর্তমান সময়ে ভর্তি-বাণিজ্যসহ কোনো অনিয়মের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে নেই। এখন থেকে অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।’