চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ফজল হাবিব ওরফে বালিয়াকে ছাত্রলীগের ‘বিজয়’ পক্ষের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে শহরের ষোলোশহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
বিজয় পক্ষের নেতৃত্বে আছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ওরফে সুজন।
ফজল হাবিব প্রথম আলোকে বলেন, ‘রাতে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে বিজয় লেখা একটি বগিতে উঠি। আমি বগিটির সদস্য আসনে বসিনি। সাধারণ আসনে বসেছিলাম। ষোলোশহর স্টেশন থেকে ট্রেন ছাড়লে বিজয় পক্ষের ১৫-২০ জন নেতা-কর্মী এসে আমাকে আসন থেকে উঠে যেতে বলে। আমি অপারগতা প্রকাশ করলে তাঁরা আমাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে আমাকে মারধর করে বগির এক পাশে ফেলে রাখা হয়।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেন কারও নিজস্ব সম্পত্তি নয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সিট থেকে উঠিয়ে দেয়। আর যাঁরা উঠতে চান না, তাঁদের মারধর করতে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের সাধারণ সম্পাদক বালিয়া ব্যাপক মারধরের শিকার হলেন। আমরা প্রক্টরের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছি। হামলাকারী ছাত্রলীগের বিজয় পক্ষের নেতা-কর্মীদের শাস্তি দাবি করছি।’
বিজয় পক্ষের সভাপতি ফজলে রাব্বি ওরফে সুজন প্রথম আলোকে বলেন, যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরা ছাত্রলীগ এবং বিজয় পক্ষের কেউ নন। তাঁরা ছাত্রলীগ এবং বিজয় পক্ষের সম্মানহানির জন্য বিজয় পক্ষের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’