বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রজোটের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রফ্রন্ট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বলে জানা যায়।আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম এ সালাম জানান, অযৌক্তিক দাবিতে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছে। বারবার সতর্ক করার পরও তারা সংঘাতপূর্ণ কর্মসূচি থেকে সরে না আসায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ৯ অক্টোবর ছাত্রফ্রন্ট নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনিক ভবন অবরোধ করলে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।