ছাত্রফ্রন্টের সমাবেশে হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আযিযুল হক কলেজে গতকাল রোববার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অনুষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখা গতকাল বেলা ১১টায় কলেজ চত্বরে ছাত্র সমাবেশের আয়োজন করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সমাবেশ শুরু হলে দুপুর সোয়া ১২টার দিকে কলেজের অধ্যক্ষ ছালামত উল্লাহ সমাবেশস্থলে গিয়ে মাইক না বাজিয়ে সমাবেশ করতে বলেন। কিন্তু আয়োজকেরা তা মানতে চাননি। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ সমাবেশস্থল থেকে চলে যাওয়ার পর ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ছাত্রলীগের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রফ্রন্টের ওপর হামলা চালান ও মঞ্চ ভাঙচুর করেন। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।হামলায় সমাবেশের প্রধান অতিথি বগুড়া জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি শ্যামল বর্মণ, সাধারণ সম্পাদক শীতল সাহা, কেন্দ্রীয় সদস্য কল্যাণ দত্ত, কলেজ শাখার অর্থবিষয়ক সম্পাদক পলাশ কর্মকার, রাধা রানীসহ অন্তত ১০ জন আহত হন। উল্লিখিত ছয়জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকি ৎ সা নেন।এদিকে হামলা ও ভাঙচুরের পর ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। জেলা বাসদের সদস্য-সচিব কৃষ্ণ কমল দাবি করেন, কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাঁরা সমাবেশ করছিলেন। ছাত্রফ্রন্ট কলেজ শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল নওশাদ অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিনা কারণে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের ১১ জন নেতা-কর্মী আহত হন বলে তিনি দাবি করেন। যোগাযোগ করা হলে ছাত্রলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বলেন, ‘ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা প্রথমে আমাদের দুজন কর্মীকে মারধর করে। ছাত্রলীগের কর্মীরা তাদের প্রতিহত করেছে।’ অধ্যক্ষ ছালামত উল্লাহ জানান, ছাত্রফ্রন্টের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ছিল না। কলেজে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছিল বলে মাইক বন্ধ করতে বলা হয়। কিন্তু পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ছাত্রলীগের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এরই একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। অধ্যক্ষ বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে কি না, তা জানি না। তবে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।’ বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, এ ঘটনায় কেউ কোনো মামলা করেনি। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।ছাত্র ফেডারেশনের নিন্দা: ছাত্রফ্রন্টের ওপর হামলার নিন্দা জানিয়েছে ছাত্র ফেডারেশন। কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুব ইরান এক যুক্ত বিবৃতিতে এ হামলার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।