ছাত্রবিক্ষোভের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টানা দুই দিন অশান্ত থাকার পর গতকাল বুধবার শান্ত ছিল। তবে হরতালের কারণে গতকাল কোনো বিভাগের ক্লাস হয়নি। এদিকে ছাত্র বিক্ষোভসহ সংঘটিত ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিয়ারিং ডিগ্রি প্রদানসহ বিভিন্ন দাবিতে ১৯ মে থেকে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ২৭ মে থেকে তাঁরা লাগাতার ক্লাস বর্জনের ঘোষণা দেন। ২৮ মে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকসহ বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। এদিকে গত কয়েক দিনের ছাত্র বিক্ষোভসহ সংঘটিত ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিভাগীয় প্রধান ও প্রক্টরিয়াল বডির সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন শিক্ষক সমিতির সভাপতি সফিকুর রহমান, সহকারী প্রক্টর আনিসুজ্জামান, ফলিত গণিত বিভাগের প্রধান হানিফ মুরাদ ও ছাত্র হলের প্রভোস্ট রাকিবুল ইসলাম।এদিকে তদন্ত কমিটিতে ছাত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে আহত সহকারী প্রক্টর আনিসুজ্জামানের নাম অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, মঙ্গলবার প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের পক্ষ হয়ে যেসব শিক্ষক-কর্মকর্তা শাবল নিয়ে ফটকের তালা ভাঙতে এসেছিলেন তাঁদের মধ্যে আনিসুজ্জামানও ছিলেন। তাই তিনি এ কমিটিতে থাকলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, কমিটিকে ঘটনার তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোনো সদস্যের কারণে তদন্ত প্রভাবিত হতে পারে—শিক্ষার্থীদের এই আশঙ্কা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজিস্ট্রার।