বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহসভাপতি রেজাউনুল ইসলাম চৌধুরী ওরফে সানি হত্যা মামলার এক আসামির হামলায় সংগঠনের আরেক নেতা আহত হয়েছেন। ঘটনার পরপরই ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা ওই হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে।সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান জানান, দুপুর ১২টার দিকে সানি হত্যা মামলার আসামি ওয়াশিউর রহমান ওরফে অনীককে ইনস্টিটিউট ফটকে দেখতে পেয়ে সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। হত্যার ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অনীক ছাত্রমৈত্রীর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক যন্ত্রকৌশল বিভাগের ছাত্র সাজ্জাদুর রহমান ওরফে সুজনের কণ্ঠনালীর নিচে ছোরা দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন এবং সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মতিউর রহমান বলেন, সানি হত্যা মামলার আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তদন্তকারী কর্মকর্তা ও বাদী পলিটেকনিক ইনস্টিটিউটে আসার মুহূর্তেই ওই ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্মীদের হামলায় সানি নিহত হন। গুরুতর আহত হন ছাত্রমৈত্রীর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মোতালেব ওরফে জুয়েলসহ দুজন। এ ঘটনায় কর্তৃপক্ষ ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গত ১৫ ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়। ঘটনার পর পুলিশ ছাত্রলীগের কর্মী নবীন, শরীফুল, নাহিদ ও মানিককে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্যে জুয়েল ওই হামলার ঘটনায় জড়িতদের মধ্যে অনীকের নামও উল্লেখ করেছিলেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাউল হক বলেন, ঘটনার পর থেকে অনীককে খুঁজছিলাম।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, অনীক সানি হত্যা মামলার আসামি। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।