ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা চাঁদার দাবিতে কলেজের বাংলা বিভাগের শিক্ষক আজিজুর রহমানকে গতকাল সোমবার পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে গত ১২ নভেম্বর তাঁরা কলেজের উপাধ্যক্ষের কার্যালয়ে একইভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছিলেন। কলেজ সূত্রে জানা গেছে, দুপুর পৌনে একটার দিকে বাংলা বিভাগের শিক্ষক আজিজুর রহমান কলেজের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন। তিনি প্রথম বর্ষ সম্মান পরীক্ষা কমিটির একজন সদস্য। এ সময় ছাত্রমৈত্রীর নেতা কাউছার আলী ও অনিক এসে তাঁর সঙ্গে কথা বলতে চান। তাঁরা তাঁদের সংঠনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের জন্য ২০ হাজার টাকা চাঁদা চান। তিনি এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁরা তাঁকে লাঞ্ছিত করেন। এতে তিনি আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকারসহ শিক্ষকেরা রাজশাহী পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। কাউছার আলী ছাত্রমৈত্রীর নিউ ডিগ্রি কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ছাত্রমৈত্রীর রাজশাহী মাহানগর শাখার সভাপতি মতিউর রহমান বলেন, উপাধ্যক্ষের কক্ষে হামলা চালানোর পর তাঁদের দুজনকেই বহিষ্কার করা হয়েছে। ছাত্রমৈত্রীর সঙ্গে তাঁদের আর কোনো সম্পর্ক নেই। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, শিক্ষক আজিজুর রহমান বাদী হয়ে ওই দুই ছাত্রনেতাকে আসামি করে মামলা করেছেন।