ছাত্রমৈত্রীর বিক্ষোভ সানি হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক কলেজ ছাত্রমৈত্রীর সহসভাপতি রেজাউল ইসলাম চৌধুরী সানি হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রমৈত্রী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। দুপুর পৌনে একটায় মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রমৈত্রীর নেতারা বলেন, বর্তমান সরকার দিনবদলের কথা বলে ক্ষমতায় এসেছিল। জনগণকে দেওয়া সে কথা ভুলে গিয়ে তারা সন্ত্রাস, চাঁদাবাজি আর টেন্ডারবাজির মাধ্যমে নিজেদের দিনবদল করেছে। ছাত্রমৈত্রীর নেতারা আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী সারা দেশের সব শিক্ষাঙ্গনে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে। সহাবস্থানের পরিবর্তে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর ধারাবাহিকতায় তারা রাজশাহী পলিটেকনিক কলেজের ছাত্রমৈত্রীর সহসভাপতি রেজানুল ইসলাম সানিকে হত্যা করেছে। ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, রাজশাহী পলিটেকনিক কলেজের ছাত্রমৈত্রীর নেতাদের ওপর হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। তারা ছাত্রমৈত্রীর নেতাদের হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালিয়েছিল। সানির হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন তিনি। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ছাত্র সমিতির আহ্বায়ক টি এইচ এম টুটুল ও বাংলাদেশ ছাত্র আন্দোলনের সহসভাপতি তারাশংকর তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর সহসভাপতি উজ্জ্বল কুণ্ডু, সহ-সাধারণ সম্পাদক শামীমা সুলতানা শাওন, আন্তর্জাতিক সম্পাদক নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানভীর রুসমত, ঢাকা মহানগর সভাপতি মনোয়ার হোসেন জুয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।শোক কর্মসূচি: আজ রোববার ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সারা দেশে তিন দিনের শোক কর্মসূচি পালন করবে ছাত্রমৈত্রী। এ সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।