ছাত্ররা ঘুমান মসজিদ, বারান্দা ও ছাদে
২৯ জানুয়ারি, ২০১০। রাত একটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তার ফুটপাতে ব্যানার টানিয়ে শুয়ে আছেন এক ছাত্র। ব্যানারে লেখা ‘প্লিজ, ডোন্ট ডিস্টার্ব, আমার সকাল আটটায় ক্লাস, আমি এফ রহমান হলের ছাত্র।’হলে নিজ কক্ষে ভালোভাবে ঘুমানোর জায়গা নেই। তাই এভাবে ফুটপাতে শুয়ে প্রতিবাদ করেছিলেন জাফর আহমেদ নামের ওই ছাত্র। আবাসন-সংকটের কারণে জাফরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা হাজার হাজার ছাত্র ভালোভাবে ঘুমানো বা পড়ালেখার সুযোগ পাচ্ছেন না।গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থী ৩২ হাজার ৯৫ জন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, ১৭টি আবাসিক হলে মাত্র ১০ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীর আবাসন-সুবিধা আছে। এই ধারণক্ষমতার বিপরীতে হলগুলোতে থাকছেন ২০-২৫ হাজার শিক্ষার্থী।কোনো কোনো হলে মসজিদ, ছাদ, এমনকি বারান্দায় থাকছেন ছাত্ররা। এতে ব্যাহত হচ্ছে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ। কর্তৃপক্ষও বলছে, হলগুলোতে শিক্ষার কোনো পরিবেশ নেই। আবাসন-সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এ অবস্থার উত্তরণও সম্ভব নয়।কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, হলগুলোর অবস্থা খুব খারাপ। এখানে পড়ার কোনো পরিবেশ নেই। পড়া তো দূরের কথা, ভালোভাবে ঘুমানোরও জায়গা নেই। তার ওপর মশা, ছারপোকার অত্যাচার। যদি হলগুলোতে আলাদা বড় সাধারণ পাঠকক্ষ থাকত, তাহলেও শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পেতেন। সব হলে পাঠকক্ষ আছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক ছোট। ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী থাকায় হলে চর্ম, ডায়রিয়াসহ বিভিন্ন রোগও ছড়ায়।প্রশাসন সূত্র জানায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কবি জসীমউদ্দীন হলে ৪০০ ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবাসিক, দ্বৈতাবাসিক, অনাবাসিক—সব মিলিয়ে এই হলে প্রায় ৮০০ থেকে এক হাজার ছাত্র থাকছেন।হলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখা যায়, ছাত্রনেতাদের কিছু কক্ষ ছাড়া সব কক্ষেই ধারণক্ষমতার দ্বিগুণ বা তার চেয়েও বেশি ছাত্র থাকছেন। ‘গণরুম’গুলোতে থাকছেন ধারণক্ষমতার কয়েকগুণ বেশি ছাত্র। গণরুম হচ্ছে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত কিছু কক্ষ, যেখানে ছাত্রনেতাদের মাধ্যমে প্রথম-দ্বিতীয় বর্ষের হলে ওঠা ছাত্রদের থাকতে দেওয়া হয়। এ ধরনের চারজনের একটি কক্ষে থাকছেন ২০-২৫ জন। হলটিতে এ ধরনের ১০টি গণরুম আছে।ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, গণরুমগুলোতে অনেকে রাতে গাদাগাদি করে ঘুমাতে পারেন না, জায়গা পান না। অনেকেই ঘুমান পালা করে। কেউ ঘুমান রাতে আর কেউ দিনে। ক্যাম্পাসে ঘোরাফেরা করে রাত কাটান অনেকে। কেউ কেউ একটু আরামদায়ক ঘুমের জন্য আশ্রয় নেন মসজিদে, কেউ বা হলের ছাদে, কেউ বা হলের বারান্দায়। হলের তৃতীয় তলার সরু বারান্দায় রাত কাটান কেউ কেউ। তাঁরা থাকেন গণরুমে। তীব্র গরম, গাদাগাদি, তার ওপর ছারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে তাঁরা থাকেন হলের বারান্দায়।জসীমউদ্দীন হলে বেশির ভাগ কক্ষ চার শয্যার। এ ছাড়া আছে দুই ও তিন শয্যার কয়েকটি কক্ষ। দুই, তিন বা চার শয্যার কক্ষ হলেও দুজনের কক্ষে থাকছেন তিন-চারজন, তিনজনের কক্ষে পাঁচ-ছয়জন আর চারজনের কক্ষে ৮-১০ জন করে। প্রতিটি তিন থেকে চার ফুট চওড়া একটি খাটে থাকছেন দুজন। এর বাইরে আবার মেঝেতেও থাকছেন দু-একজন করে। আর যদি সেটি হয় গণরুম, তাহলে চার খাটে আটজন আর মেঝেতে ১২-১৪ জন করে থাকেন।শুধু জসীমউদ্দীন হল নয়, বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হলের চিত্রই এ রকম। সব হলেই বেশির ভাগ ক্ষেত্রে এক খাটের বিপরীতে থাকেন দুজন।ছাত্ররা জানান, গাদাগাদি করে থাকার ফলে ব্যাঘাত ঘটছে পড়ালেখায়। চারজনের কক্ষে খাট আছে চারটি, টেবিল-চেয়ার আছে চারটি করে, অথচ সেখানে থাকছেন আট থেকে ১০ জন। এ কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও নিজের কক্ষে বসে পড়াশোনা করা সম্ভব হয় না। কারণ পড়ার টেবিল, চেয়ার বা জায়গা নেই।নিজ কক্ষ ছাড়া পড়ালেখা করার বিকল্প জায়গা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও হলের পাঠকক্ষ। ছাত্ররা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার রাত সাড়ে নয়টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই সেখানে বসে রাত জেগে পড়ার সুযোগ নেই। আর হলের পাঠকক্ষগুলো প্রয়োজনের তুলনায় অনেক ছোট। সেখানেও সব সময় জায়গা পাওয়া যায় না। মুহসীন হলের মসজিদে পড়ছেন কেউ কেউ।বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিবরণীর তথ্য অনুযায়ী, সার্জেন্ট জহুরুল হক হলের পাঠকক্ষে একসঙ্গে ১২২ জন ছাত্রের পড়ালেখা করার ব্যবস্থা আছে। অথচ এই হলে প্রায় আড়াই হাজার ছাত্র থাকেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, অন্যান্য হলের পাঠকক্ষ আরও ছোট। কবি জসীমউদ্দীন হলের পাঠকক্ষে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন ছাত্রের বসে পড়ালেখা করার জায়গা আছে। জিয়াউর রহমান হলের পাঠকক্ষ চার শয্যার দুটি কক্ষের সমান। অথচ এসব হলে প্রায় এক হাজার করে ছাত্র থাকেন।জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘মানবিক কারণে আমরা ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী থাকার অনুমতি দিয়ে থাকি। ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী থাকলে কিছু সমস্যা হয়।’ তবে আগ্রহ থাকলে লাইব্রেরি, সেমিনার লাইব্রেরি, হল লাইব্রেরিতেও পড়া সম্ভব বলে মনে করেন তিনি।শিক্ষার্থীদের আবাসন-সংকটের বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আবাসন-সংকট প্রকট। এটি অস্বীকার করার উপায় নেই। শিক্ষার্থীদের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা প্রত্যাশিত সুযোগ সুবিধা পায় না। আমরা সবই বুঝি, জানি। কিন্তু ইচ্ছা থাকলেও কর্তৃপক্ষ অনেক কিছু করতে পারছে না।’ নতুন হল নির্মাণের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এটিও যথেষ্ট নয়। তার পরও সংকট থেকে যাবে। সরকারের কাছ থেকে অর্থসংস্থানের মাধ্যমে ঐতিহ্যবাহী হলগুলোতে আরও সিট বাড়ানো, নতুন হল নির্মাণের চেষ্টা চলছে বলে তিনি জানান।