ছাত্ররাই বাঁচাল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে ১০টা। নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে এক সারিতে থাকা ১২টি মেহগনিগাছ ধরে দাঁড়িয়ে আছে একজন করে ছাত্র। অন্যরা বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করছে। তাদের হাতে ফেস্টুনে লেখা, ‘আমরা গাছগুলো বাঁচিয়ে রাখতে চাই’, ‘ওদের মরতে দেব না’।
গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্বরের মেহগনিগাছগুলো রক্ষার দাবিতে শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে। তারা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ গাছগুলো বিক্রির জন্য গতকাল নিলামের আয়োজন করে।
মোতালিব ও আবির নামের দুই শিক্ষার্থী জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ সবার মতামত উপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে বিদ্যালয়ের ১২টি গাছ নিলামে বিক্রি করবে। এ জন্য ১২টি গাছে চক দিয়ে কাটাচিহ্ন দেওয়া হয়েছে।
কিরণ নামে এক শিক্ষার্থী বলে, ‘পড়ালেখার অবসরে আমরা এই গাছগুলোর ছায়ায় বসে বিশ্রাম নিই। গাছের ছায়ায় খেলাধুলা করি। আমরা গাছগুলো কাটতে দিতে চাই না।’
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘এটা বেসরকারি বিদ্যালয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নিয়ন্ত্রণে আমরা চাকরি করি। তারা গাছ বিক্রি করে বিদ্যালয়ের সামনে বিপণিবিতান নির্মাণ করতে চায়। এ ব্যাপারে তো আমাদের কিছু বলার নেই।’
আল মামুন নামের এক কলেজশিক্ষক বলেন, ‘আমরা ছাত্র থাকাকালে নিজেরা চাঁদা তুলে ১৯৮৮ সালে এই বিদ্যালয়ের মেহগনিগাছগুলো লাগিয়েছিলাম। বিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানো ও ছায়ার জন্যই গাছগুলো লাগানো হয়েছিল। এখন কেন গাছ বিক্রি করে বিপণিবিতান নির্মাণ করা হবে?’ বেলা ১১টার দিকে গাছ কেনার জন্য বেশ কয়েকজন কাঠ ব্যবসায়ী বিদ্যালয়ে আসেন। এ সময় প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিও বিদ্যালয়ে আসেন। তখন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন গাছগুলো বিক্রি না করার অনুরোধ জানান। অবশেষে কর্তৃপক্ষ নিলাম স্থগিত করে।
প্রধান শিক্ষক বলেন, সবার পরামর্শে গাছ বিক্রি বন্ধ করা হয়েছে।