রাজনীতিবিদদের কারণেই ছাত্ররাজনীতির আজ দুরবস্থা। সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারি ও শিক্ষাঙ্গনের পরিবেশ দূষিত হওয়ার দায় ছাত্রদের নয়; রাজনীতিবিদেরা নিজেদের স্বার্থে ছাত্ররাজনীতিকে ব্যবহার করার কারণে এমনটি হয়েছে। ছাত্ররাজনীতির সুফল বয়ে আনতে হলে একে লেজুড়বৃত্তি থেকে বের করে আনতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৪তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনের মূল স্লোগান: ‘দ্রোহে প্রতিরোধে সন্ত্রাস দখলদারিত্ব শিক্ষা-বাণিজ্য রুখি, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ নির্মাণ করি’। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মীরা জড়ো হতে থাকেন। তাঁদের হাতে লাল পতাকা আর কণ্ঠে ছিল সমাজতন্ত্রের জয়গান। সকালে ভাষাসংগ্রামী আহমদ রফিক সমাবেশের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজ ছাত্ররাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে। কিন্তু স্বার্থপরতা ও নৈরাজ্য সত্ত্বেও দলীয় রাজনীতি, ট্রেড ইউনিয়ন রাজনীতি কোনোটাই নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে না।আদর্শবাদী দলগুলোকে ছাত্ররাজনীতির হাল ধরার আহ্বান জানিয়ে আহমদ রফিক বলেন, ছাত্ররাজনীতির এ পর্যায়ের স্লোগান হতে পারে, ‘অচলায়তন ভাঙি, বৈষম্যহীন সমাজ গড়ি’। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নেপাল ন্যাশনাল ফেডারেশন অব স্টুডেন্টসের সভাপতি অভিনুব কুমার, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মন্টি বৈষ্ণব, কমিটির আহ্বায়ক এস এম শুভ প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ এম এম আকাশ, গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, ডাকসুর সাবেক জিএস মোরশেদ আলী প্রমুখ।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি অপরাজেয় বাংলা থেকে মধুর ক্যানটিন, টিএসসি হয়ে দোয়েল চত্বর, মতিঝিল ও গোলাপ শাহ মাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। বিকেলের পর্বে রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।